Showing posts with label Bangla. Show all posts
Showing posts with label Bangla. Show all posts

Tuesday, October 07, 2025

আমরা কি অত্যন্ত ভারাক্রান্ত হয়ে উঠছি?

একটা প্রশ্ন প্রায়শই মনের মধ্যে এসে ঘুরপাক খায়, সবসময় ঠিক প্রশ্ন হিসাবেই নয়। কখনো অনুভূতি হিসাবে, কখনো অভিজ্ঞতা হিসাবে, কখনো বা বোধ হিসাবে। আমরা কি অত্যন্ত ভারাক্রান্ত হয়ে উঠছি? এখানে "আমরা" বলতে মানবসমাজ — সমষ্টিগতভাবে এবং ব্যক্তিগত — দুজনেরই কথা বলছি। 

সভ্যতার ভার

২০২৫ সাল চলছে। আমাদের মানবসভ্যতার বয়স অন্তত কয়েক হাজার বছর। এইটা শুধুমাত্র বর্তমান সভ্যতার বয়স। মানবসভ্যতার সকল স্তরগুলি, যেমন প্রস্তরযুগ, তাম্রযুগ, আমাদের সভ্যতার বয়স আরও অনেক বেশি। ২০২৫ সালে দাঁড়িয়ে, আমরা, সমষ্টিগতভাবে এবং ব্যক্তিগতভাবে বড্ড বেশি ভারাক্রান্ত, এবং ক্লান্ত হয়ে উঠছি। এইটা যে হঠাৎ করে এই বছরেই হচ্ছে, এমন নয়। বহু বছর ধরেই এই ক্লান্তি, এই ভারের বোঝা ক্রমে বেড়ে যাচ্ছে।

আমাদের কাছে রয়েছে শত–সহস্র মনীষী–বিদ্বান। শত–সহস্র তাঁদের মত–পথ। শয়ে শয়ে ধর্ম, সম্প্রদায়, গোষ্ঠী। 

বই মানবসভ্যতার সবথেকে নির্ভরযোগ্য জ্ঞান আহরণের মাধ্যম। আপনি চোখ মেলে তাকান, লাখ লাখ বই লেখা হয়ে গেছে। যদি শুধু সেরা বইগুলোকেও বাছতে হয় (কিসের নিরিখে কে বাছবে জানি না) , তবু সংখ্যাটা নির্দ্বিধায় অনেক হাজারে পৌঁছে যাবে। আপনি সব কাজ ছেড়ে সারাদিন পড়লেও, সারা জীবনে খুব সামান্যই পড়তে পারবেন।

শুধু বই নয়। অন্যান্য সকল মাধ্যম— সঙ্গীত, চলচ্চিত্র, চিত্রকলা, সবকিছুতেই সংকলনের আকার অত্যন্ত বড়।

একটা ২,০০০+ বছরের সভ্যতায় এইটা হয়তো খুবই স্বাভাবিক। আমাদের কাছে আমাদের অতীতের জ্ঞান–বিদ্যা–তথ্য–শিল্প–সাহিত্য রয়েছে। এর একটা খুব সুবিধার জায়গা হলো, যেইটা আইজাক নিউটন বলেছিলেন—  "If I have seen further, it is by standing on the shoulders of giants." ("যদি আমি আরও দূরে দেখতে পেয়ে থাকি, তবে তা মহান ব্যক্তিদের (দৈত্যদের) কাঁধে দাঁড়ানোর ফল।") সভ্যতা অনেকদূর অগ্রসর হয়েছে। ছাপাখানা, বিদ্যুৎ, কম্পিউটার, ইন্টারনেট, এবং বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা মানবসভ্যতাকে নতুন নতুন স্তরে পৌঁছে দিচ্ছে। আমরা সত্যিই দৈত্যের মতো বিশাল সভ্যতার কাঁধে দাঁড়িয়ে আছি। তবে, এর একটা অপর দিকও আছে, বোধ হয়। এই সব কিছুর, এই এত মত–পথ–মতাদর্শের একটা ভার আছে, একটা বোঝা আছে। এই বিশাল বোঝা আমাদের ব্যক্তিগত এবং সমষ্টিগতভাবে ক্লান্ত করে তুলছে। 

শিল্প বিপ্লবের সময়কালের একটি কার্টুন চিত্র, যেখানে ১৯ শতকের কারখানার পরিবেশে ক্লান্ত নারী ও পুরুষদের ভিড় দেখা যাচ্ছে। তাদের মধ্যে ধনী, দরিদ্র ও অতি দরিদ্র সব শ্রেণির মানুষ রয়েছে। আকাশের রং হালকা নীল, সবুজ, নীল ও ধূসরের মিশ্রণ। চিত্রটিতে অনেক চিমনি থেকে কালো ধোঁয়া বের হচ্ছে এবং কিছু মানুষ সামনে রিং-এ হাঁটছে, আর একজন ধনী মহিলা তাদের মধ্যে প্রধান চরিত্র হিসেবে দেখানো হয়েছে।
আমরা হয়তো অত্যন্ত ভারাক্লান্ত হয়ে উঠছি।

দুইখানা জিনিস যা হয়নি

অন্য প্রসঙ্গে আসা যাক। দেখুন, দুইখানা জিনিস হয়নি। সেই বিষয়ে সংক্ষেপে বলি। 

আমাদের জীবন মোটেও সহজ হয়নি

প্রযুক্তি ও বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে মানবজীবন আরও সহজ হয়ে ওঠা উচিত ছিল। এইটা হয়নি। জীবন আরও বেশি জটিল হয়ে উঠছে। ভালোভাবে বেঁচে থাকার সবকিছু আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, ভ্রমণ, বিনোদন — সবকিছুর যা দাম! একটা শিশু জন্মেই যদি দেখে তার ছোট থেকে যুব বয়স অবধি পৌঁছতেই, মানে শিক্ষাজীবন সম্পূর্ণ করতেই, বহু লক্ষ টাকা প্রয়োজন হবে, তবে এই জীবন মোটেই সরল নয়। এর পরেও লেগে থাকবে আরও হাজার খরচ আর আরও নানা সমস্যা। আমাদের সভ্যতার বয়স অনেক, তবে তা মোটেও আমাদের জীবনকে সহজ করেনি। বরং বেঁচে থাকাটা অত্যন্ত দামী এবং নাগালের বাইরে করে দিয়েছে। এইটা আমাদের সভ্যতার একটা বড় ব্যর্থতা। 

আমাদের মন অন্ধকারমুক্ত হয়নি

এই কথাটা কিছু জায়গায় শুনেছি, এবং আমি এর সাথে সম্পূর্ণ সহমত পোষণ করি। আমাদের যা উন্নতি হয়েছে, প্রায় সবই বাহ্যিক। আকাশচুম্বী অট্টালিকা, আকাশে ড্রোনের মেলা, সুপারফাস্ট কম্পিউটার, কৃত্রিম বুদ্ধিমত্তা — সবই বাহ্যিক। আমাদের মনের ভিতরে নানা রিপু— লোভ, ঘৃণা, স্বার্থপরতা — কয়েক হাজার বছর আগে বা আদিম যুগে যা ছিল, তাই আছে। আমাদের মনের ভিতরের অন্ধকার কমেনি। যা ছিল, তাই আছে।

মনের এই অন্ধকার প্রতিনিয়ত বিভিন্ন কাজে এবং আচরণে প্রকাশ পায়। খুঁজতে হবে না, সবকিছুতেই দেখা যায়। ইন্টারনেটের একটা খুব বড় অংশ পর্নোগ্রাফিক কনটেন্ট। সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৪–২০২৫) অনুযায়ী, বিশ্বব্যাপী মোট ডেটা ট্রান্সফারের ৩৫%-এর মতো অংশই পর্নোগ্রাফি। এখন কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নানা কাজ চলছে। বোধ করি, সবশেষে দেখা যাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষমতার একটা বড় অংশের প্রয়োগ পর্নোগ্রাফি জাতীয় বিষয়েই হবে।

ভারলাঘবের সন্ধানে

এই ভার — এই ক্লান্তি শুধু আজকের নয়, বহু বছর ধরে দিন দিন ক্রমে বেড়ে চলছে। এবং একই সাথে চেষ্টা চলেছে ভার লাঘবের। সমস্যা হচ্ছে অধিকাংশ সমাধান, ধর্মীয় হোক বা রাজনৈতিক মতাদর্শগত, একটা সময়ের পর ভার লাঘব না করে, নিজেই বড় ভার হয়ে বসেছে। একটা সময়ের পর যেইভাবে কোনও ধর্ম বা রাজনৈতিক মতাদর্শ যেইভাবে প্রচলিত হয় এবং চাপিয়ে দেওয়া হয়, তার সাথে মূল মতাদর্শের কোনও সম্পর্কই থাকে না।

বিভিন্ন রকম প্রয়াস প্রচেষ্টা হয়েছে এবং হচ্ছে। সরল অনাড়ম্বর জীবনযাপনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তার কথা অনেকে বলেছেন। এই প্রসঙ্গে সবচেয়ে গভীরভাবে যাঁরা কথা বলেছেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন লিও তলস্তয়। তলস্তয়বাদ অনুসারে মানুষের সত্যিকার মুক্তি কোনও বাহ্যিক উন্নতি বা প্রযুক্তিগত অগ্রগতির মধ্যে নয়, বরং অন্তরের সরলতা ও নৈতিক স্বচ্ছতার মধ্যে নিহিত। তলস্তয় ধীরে ধীরে বিলাসবহুল জীবন ত্যাগ করে এক কৃষকের মত জীবনযাপন শুরু করেন — নিজের হাতে জুতা বানাতেন, জমিতে কাজ করতেন, সাধারণ পোশাক পরতেন। তাঁর বক্তব্য ছিল—

যত কম চাইব, তত বেশি শান্তি পাব।

এই দর্শন গভীরভাবে প্রভাব ফেলেছিল মহাত্মা গান্ধী–র ওপর। মহাত্মা গান্ধী "সত্য" ও "অহিংসা"–র মাধ্যমে এক নৈতিক সমাজ গঠনের কথা বলেন। তিনি বলেন সরল এবং শান্তিপূর্ণ জীবনের অর্থ প্রয়োজন সীমিত রাখা, অহং ত্যাগ করা, এবং নিজের শ্রমের মাধ্যমে বাঁচা। তিনি মনে করতেন, সভ্যতা তখনই সত্যিকার, যখন তা মানুষকে আত্মসংযম শেখায়, ভোগবিলাস নয়।

হেনরি ডেভিড থরো তাঁর "Walden" গ্রন্থে তিনি প্রকৃতির সান্নিধ্যে এক নির্লোভ, আত্মনির্ভর জীবনযাপনের কথা বলেছেন। 

আজকের দুনিয়ায়, যেখানে প্রতিটি মানুষ তথ্য, বস্তু, প্রযুক্তি ও চাহিদার স্রোতে নিমজ্জিত, সেখানে এই সরল অনাড়ম্বর জীবন কেবল এক দার্শনিক মত নয়, আবারও এক বার প্রতিরোধের রূপ হয়ে উঠতে পারে।

এইখানে আপনি দুইরকম সমস্যা লক্ষ্য করতে পারেন। 

  1. যদি আপনি স্বল্প সঞ্চয়  এবং সরল জীবন বেছে নেন, অনেক অংশে আপনি সমাজের সাথে তাল মেলাতে পারবেন না। বিলাসিতার কথা বলছি না; স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান — এইসকলেরই যা খরচ! আপনি স্বল্প সঞ্চয়ে চালাবেন কী করে?
  2. আপনি যে আপনার প্রিয় পরিচিত দশ বিশ জন মানুষকে সাহায্য করবেন, বা তাঁদের জীবনের বড় বড় খরচের সময় পাশে দাঁড়াবেন, সেইটিও বড় কঠিন হয়ে যাবে। আপনি নিজেরটাই তো সামলাতে পারছেন না বা নিজের জন্য বড় করে কিছু করতে চাইছেন না। আপনি অন্যের জন্য কোনও কিছু কী করে করবেন? 
এর আগেও বেশ কয়েক বার বিভিন্ন রূপে কোনও মহামানব এসে সরল, অনাড়ম্বর জীবনযাপনের কথা বলেছেন। নিজেদের জীবনযাপনের মাধ্যমে উদাহরণ দিয়েছেন। একটা বড় সময় হয়ে গেল আমরা এইরকম কোনও উদাহরণ দেখছি না। অনেক দিন হয়ে গেল আন্তর্জাতিক স্তরে খুব বড়ো কোনও ব্যক্তি আসেননি যিনি নিজের জীবনদর্শনের মাধ্যমে খুব বড়ো কোনও প্রভাব ফেলেছেন। তবে, এইরকম মানুষ আসবেন। আবার আসবেন — আসাটা খুব প্রয়োজন। ভোগ বিলাসিতার বেলুন ক্রমে ফুলে উঠছে। বুদবুদ ক্রমে ক্রমে বড় হয়ে উঠছে। আর কত বড় হবে? একদিন না একদিন তো অন্তঃসারশূণ্য বেলুন ফাটবে।


This page was last updated on: 7 October 2025
Number of revisions on this page: 1
Internet Archive Backup: See here

Tuesday, September 02, 2025

স্বপ্না দত্ত, আমার মা: সপ্তম অধ্যায়, প্রথম পরিচ্ছেদ

২৯ মহানির্বাণ মঠ রোড, কলকাতা ৭০০০২৯। এই বাড়িতে আমার জন্ম হয়েছিল শুক্রবার, ১৩ নভেম্বর ১৯৮৭, সকাল ৯টা ১০ মিনিটে। বললাম বটে, আমার জন্ম হয়েছিল এই বাড়িতে। কিন্তু সঠিক ভাবে দেখতে গেলে আমার জন্ম হয়েছিল রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান (শিশুমঙ্গল) হাসপাতালে। এই বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত। 

দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের কিছুটা দূরে পণ্ডিতিয়া অঞ্চল। রাসবিহারী রোড বা কালীঘাটের দিক থেকে আসলে ট্রায়াঙ্গুলার পার্ক ক্রসিং–এর কাছে। কাছেই বিখ্যাত মন্দির মহানির্বাণ মঠ আর সেই থেকেই রাস্তার নাম মহানির্বাণ মঠ রোড বা মহানির্বাণ রোড।

২৯ মহানির্বাণ মঠ রোডের বাড়ি আমার বাবার কলকাতা শহরে পৈতৃক ভিটে। যতদুর সম্ভব আমার ঠাকুরদা আদিত্যচন্দ্র দত্ত এই বাড়ি তৈরি করিয়েছিলেন। এই বাড়ি যে শতাব্দী প্রাচীন তাতে কোনও সন্দেহ নেই। ঠিক কোন বছরে এই বাড়ি নির্মাণ হয় তা আমার জানা নেই। এই পৈতৃক বাড়ি বিক্রি করা হয় ১৯৯৩ বা ১৯৯৪ সালে। আজ এই বাড়ি পরিত্যক্ত, ভাঙা। কলকাতা কর্পোরেশনের তরফ থেকে বহু বছর আগেই একে "বিপজ্জনক ভঙ্গুর বাড়ি" তকমা লাগানো হয়েছে। যখন তখন ইঁট–পাথর খসে পড়তে পারে এবং পড়েও। এখনও সেই তকমা নিয়েই মহানগরীর বুকে জরাজীর্ণ এই বাড়ি কোনওক্রমে দাঁড়িয়ে আছে। 

আমার বাবা তরুণ দত্ত মারা যান সোমবার, ৪ মে ১৯৯৮। তার বেশ কয়েক বছর আগে থেকেই, মানে বাড়ি বিক্রির পর থেকেই, জেঠু বা পিসিদের সাথে আমাদের যোগাযোগ নেই। এই পুরনো বাড়ির অনেক তথ্য হারিয়ে গেছে। অথচ এই বাড়িতেই আমার জীবনের প্রথম ৫‒৬ বছর কেটেছে। সুদূর শৈশবের স্মৃতি, খুব আবছা কিছু কথা মনে আছে। সেই স্মৃতির নির্বাচিত কিছু অংশ, বিশেষ করে যা আমার মাকে ঘিরে, লেখার চেষ্টা করবো। তার সাথে কিছু তথ্য, যতটা খুঁজে পাই, সংকলন করার চেষ্টা করবো। এই অধ্যায়টিকে একাধিক পরিচ্ছেদে বিভক্ত করার প্রয়োজন হবে।

কয়েকজন মহিলা ঘরের ভেতরে একসাথে বসে ও দাঁড়িয়ে আছেন। বেশিরভাগের পরনে শাড়ি, কারও কারও চোখে চশমা ও হাতে গয়না রয়েছে। বাঁদিকে এক বৃদ্ধা সাদা শাড়ি পরে বসে আছেন। সামনে লাল বা গাঢ় শাড়ি পরা কয়েকজন নারী বসে আছেন, আর পেছনে জানালার সামনে কয়েকজন দাঁড়িয়ে আছেন। মাঝখানে একটি শিশু দেখা যাচ্ছে। ছবিতে হালকা বেগুনি আভা রয়েছে এবং এটি ১৯৮০-এর দশকের পুরনো ছবি বলে মনে হয়।
আমার মায়ের বিয়ের দিনের ছবি। ১৯৮৪ সাল। 
মহানির্বাণ মঠ রোডের বাড়িতে। 
ছবির মাঝখানে লাল শাড়ি পরে বসে আছেন মা। 
জেঠিমা, পিসি এবং বাবার দিকের অন্যান্য আত্মীয়রা রয়েছেন। 

বাড়ির কথা

২৯ মহানির্বাণ মঠ রোডের এই বাড়ি ঠিক কোন সালে নির্মিত হয়, আমার জানা নেই। তবে, নির্দ্বিধায় বলতে পারি যে এই বাড়ির নির্মাণ ১৯১৫ বা তার আগে। 

আমার বাবার জন্ম ৪ মে ১৯৩৩। আমার বাবা তাঁর ভাই–বোনদের মধ্যে সব থেকে ছোট ছিলেন। আমার ঠাকুরদা এবং জেঠু পিসিদের অনেকের সঠিক জন্মসাল আমার জানা নেই। 

আমি ১৯৫৬ এবং ১৯৬১ সালের কলকাতার রাসবিহারী অ্যাভিনিউ অঞ্চলের ইলেক্টোরাল রোলের কপি পেয়েছি। আসুন, সেই ভোটার তালিকার তথ্যের ওপর ভিত্তি করে অতীতকে কিছুটা পুনরুদ্ধার করা যাক।

১৯৫৬ সালের রাসবিহারী অ্যাভিনিউ কেন্দ্রের ভোটার তালিকা, যেখানে মহানির্বাণ রোডের ভোটারদের নাম, বয়স ও ঠিকানা দেওয়া আছে।
১৯৫৬ সালের রাসবিহারী অ্যাভিনিউ কেন্দ্রের ভোটার তালিকা।
প্রেমিসেস নম্বর ২৯, আর সিরিয়াল নম্বর ৪২৪–৪৪৮ দেখবেন।

১৯৬১ সালের রাসবিহারী অ্যাভিনিউ কেন্দ্রের ভোটার তালিকা, যেখানে মহানির্বাণ রোডের ভোটারদের নাম, বয়স ও পারিবারিক তথ্য দেওয়া আছে।
১৯৬১ সালের ভোটার তালিকা। প্রেমিসেস নম্বর ২৯–এর তালিকা লক্ষ্য করবেন।

আপনি এই অংশটি এড়িয়ে যেতে পারেন। তবে পুরনো ডকুমেন্ট ঘেঁটে ৮০–১০০ বছরের পুরনো তথ্য খুঁজে বেড় করা কিছুটা কঠিন কাজ। তাই অনুগ্রহ করে একটু মনোযোগ দেবেন।

আমার ঠাকুরদা আদিত্যচন্দ্র দত্তের জন্ম হয়েছিল ১৮৯০ সালে। আমার ঠাকুরমা হিমাংশুবালা দত্তের জন্ম ১৮৯৮ সালে। আমার ঠাকুরদার বাবা, মানে আমার প্রপিতামহের নাম ছিল প্রফুল্লচন্দ্র দত্ত। প্রফুল্লচন্দ্রের সম্পর্কে আর কোনও তথ্য আমার কাছে এখন নেই। 

সাদা-কালো ছবি, অদিত্য চন্দ্র দত্ত জামা ও ধুতি পরে বসে আছেন এবং হিমাংশুবালা দত্ত শাড়ি পরে মাথা ঢাকা অবস্থায় ঘরের ভেতরে বসে আছেন, পেছনে পর্দা রয়েছে।
আমার ঠাকুরদা আদিত্যচন্দ্র দত্ত (বামদিকে) এবং ঠাকুরমা হিমাংশুবালা দত্ত (ডানদিকে)।

আমার সবথেকে বড়ো জেঠু অরুণকুমার দত্তের জন্ম ১৯১৮ সালে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার এক বছর আগে। অরুণকুমারের স্ত্রী, আমার বড় জেঠিমা, প্রতিমা দত্তের জন্ম ১৯২২। 

আমার মেজ জেঠু কল্যাণ দত্তের জন্ম ১৯২০ সালে। তাঁর স্ত্রী, আমার মেজ জেঠিমা, প্রীতিকণা দত্তের জন্ম ১৯২৭।

সেজ জেঠু শ্যামলকুমার দত্তের জন্ম ১৯২২ সালে। ইনি নাট্য এবং সংস্কৃতিচর্চার সাথে বিশেষ যুক্ত ছিলেন। ১৯৮৮ সালের শুরুর দিকে ইনি আত্মহত্যা করেন। এইখানে একটা তথ্য দিই। আমার জন্ম ১৩ নভেম্বর ১৯৮৭। আমার যে নাম "টিটো" এইটা আসলে আমার ডাকনাম। আমার ভালো নাম হওয়া উচিত ছিল অনির্বাণ দত্ত। জন্মের পর সাময়িকভাবে টিটো নাম দেওয়া হয়েছিল। সেজ জেঠু, শ্যামল দত্ত, এই নাম দিয়েছিলেন। ১৯৮৮ সালের প্রথম দিকের ঘটনা। আমার তখন কয়েক মাস মাত্র বয়স, আমার মায়ের কাছ থেকে এই ঘটনা শোনা। অনুষ্ঠানের মাধ্যমে আমার নামকরণ করা হবে। তার কিছু দিন আগে সেজ জেঠু একদিন দুপুরে মা আর আমাকে দেখতে এলেন। আমাকে কোলে নিয়ে কিছুক্ষণ বসে থেকে আমার মাকে বললেন— "স্বপ্না, দেখো, এই ছেলে, টিটো, একদিন খুব বড় মানুষ হবে। আমি হয়তো সেদিন থাকবো না। কিন্তু, টিটো নিশ্চয়ই খুব বড়ো হবে।" এই কথা শুনে মা একটু ভয় পেয়ে জিজ্ঞেস করলেন— "সেজদা, আপনি এইরকম বলছেন কেন, যে আপনি থাকবেন না?" মা সেই দিনই তাঁর প্রশ্নের উত্তর পাননি। উত্তর পেয়েছিলেন এক সপ্তাহের মধ্যে। আমার সেজ জেঠু শ্যামল দত্ত গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন। আমার বাবা সেজ জেঠুর গলার দড়ি কেটে তাঁর ঝুলন্ত মৃতদেহ নামিয়েছিলেন। এখন যেহেতু সেজ জেঠু আমার নাম টিটো দিয়েছিলেন, আর কিছু দিন পরেই মারা গেছিলেন, আমার ডাকনামটাই ভালো নাম হয়ে রইলো। আমার সেজ জেঠিমা অঞ্জলি দত্তের জন্ম হয়েছিল ১৯৩২ সালে।

সাদা-কালো প্রতিকৃতি, শ্যামল দত্ত চশমা পরে ঐতিহ্যবাহী পোশাকে হাসিমুখে তাকিয়ে আছেন।
শ্যামল দত্ত। আমার সেজ জেঠু। 
ইনি আমার নাম টিটো রেখেছিলেন। 

আমার চতুর্থ জেঠু অশোককুমার দত্তের জন্ম হয়েছিল ১৯২৪ সালে। ইনি সাংবাদিক ছিলেন। চণ্ডাশোক নামে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করতেন। ইনি একজন গণিকা মহিলাকে বিবাহ করেছিলেন। তার জন্য আমার ঠাকুরদা এনাকে হয় ত্যাজ্যপুত্র করেছিলেন বা করতে চেয়েছিলেন। এনার সংসার সুখের হয়নি। আমি বলছি ১৯৬০–এর দশকের কথা। তখন কলকাতা এবং বাঙালি সমাজ আরও বেশি সংরক্ষণশীল ছিল। বিয়ের কয়েক বছর কী ভাবে যেন জেঠিমা হারিয়ে যান। তাঁর সম্পর্কে আর কোনও তথ্য পাইনি। ১৯৫৬ এবং ১৯৬১ সালের ভোটার তালিকায়ও এনার নাম পাইনি। বোধ হয়, এই বাড়িতে থেকে এনার নাম নথিবদ্ধ হয়নি। অশোক জেঠুর এক মেয়ে হয়েছিল। সেই মেয়েও শৈশবে অল্প কয়েক বছর বয়সে জ্বরে ভুগে হঠাৎ মারা যায়। এরপর অশোক জেঠু সব ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে বেরিয়ে যান। এরপর তাঁর দেখা বা তাঁর খবর কেউ কোনোদিন পায়নি। আমার মা–বাবার বিয়ে হয়েছিল ১৯৮৪ সালে। অশোক দত্তকে ঘিরে এইসকল ঘটনা এবং তাঁর গৃহত্যাগ, সবকিছু হয়েছিল ১৯৮৪–এর অনেক বছর আগে। আমার জেঠু–পিসিদের মধ্যে আমি ব্যক্তিগতভাবে অশোক দত্তকে নিয়ে সবথেকে বেশি আগ্রহী। তবে, আমার কাছে তথ্য অত্যন্ত সীমিত। 

আমার পঞ্চম জেঠু তাপসকুমার দত্ত, জন্ম ১৯২৯। তিনি বিবাহ করেন মাধবীলতা দত্তকে, জন্ম ১৯৩৯। আমার ষষ্ঠ জেঠু মানসকুমার দত্তের জন্ম ১৯৩২ সালে। আর ভাই–বোনদের মধ্যে সবথেকে ছোট, আমার বাবা, তরুণ দত্তের জন্ম ১৯৩৩ সালে।

আমার দুই পিসি ছিলেন অর্চনা দত্ত এবং সাধনা দত্ত। দুজনেরই জন্ম ১৯৩০ সালে। দুইজনের একই সালে জন্ম — এইখানে একটু তথ্যের অসঙ্গতি থাকতে পারে, আবার সঠিকও হতে পারে। তবে আমি ১৯৫৬ সালের ভোটার তালিকা অনুসরণ করছি। এর থেকে নির্ভরযোগ্য তথ্যসূত্র আমার কাছে আরে নেই। অর্চনা বিবাহ করেন রবি রায়কে, এবং সাধনা বিবাহ করেন চিত্তরঞ্জন ধরকে। 

আমার ঠাকুরদা আর ঠাকুরমা দুজনেরই মৃত্যু হয় আমার মা–বাবার বিয়ের (১৯৮৪) বেশ কিছু বছর আগে। ১৯৯৩–১৯৯৪ সালে যখন এই বাড়ি বিক্রি হচ্ছে তখন সেই টাকা সাত ভাইয়ের মধ্যে ভাগ হয়েছিল। পিসিরা কোনও ভাগ নেননি।

আমাদের আর্থিক অবস্থা সেই সময় ভালো ছিল না। বাড়ি বিক্রির যেই টাকা আমরা পেয়েছিলাম, তার একটা বড় অংশ আমাদের চলে গিয়েছিল ধার বাকি শোধ করতে। সেইটা এক অদ্ভুত সময় ছিল। আমার আবছা মনে আছে যে জেঠুদের পরিবার এক এক করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলেন, অন্য কোথাও বাড়ি বা ফ্ল্যাট কিনে। একটা বড় পরিবার, যাঁরা দীর্ঘদিন ধরে একসাথে ছিলেন, ধীরে ধীরে ভেঙে আলাদা হয়ে যাচ্ছিলেন। আমার মনে আছে সেইসময় একজন করে আত্মীয় বাড়ি ছেড়ে চলে যেতেন, আর আমার বাবা আর মা দুঃখে কাতর হয়ে পড়তেন।

কলকাতার ২৯ মহানির্বাণ মঠ রোডের পুরনো দুই তলা বাড়ির ২০১৪ সালের প্যানোরামা দৃশ্য। বাড়ির দেয়াল জীর্ণ, সবুজ শাটার লাগানো, সামনের রাস্তায় গাড়ি দাঁড়ানো, আর প্রবেশদ্বারের পাশে একজন মানুষ দাঁড়িয়ে আছেন।
২৯ মহানির্বাণ মঠ রোডের বাড়ি। 
২৫ জুন ২০১৪ তারিখে তোলা ছবি। প্যানোরামা ভিউতে বাড়ির দুইদিকের ছবি সংযুক্ত। 

বাড়ি বিক্রির পর আমরা চলে আসি হালতু কায়স্থপাড়ার একটা দুই কামরার ভাড়া ঘরে। বাহাদুর সিং নামক এক প্রোমোটার মহানির্বাণ মঠ রোডের বাড়িটা কিনেছিলেন। বাড়ি কেনার কয়েক বছর পর তিনি ব্যক্তিগত জীবনে কিছু সমস্যার সম্মুখীন হয়। কিছু আইনি এবং অন্যান্য জটিলতাও ছিল। ধীরে ধীরে রক্ষণাবেক্ষণের অভাবে বাড়ি ভেঙে পড়তে থাকে। ২০০৬–২০০৭ সাল নাগাদ যখন ওই অঞ্চলে একবার গেছিলাম, দেখেছিলাম যে বাড়িটা "বিপজ্জনক ভঙ্গুর" নোটিস পেয়েছে। এখনও বাড়িটা ওই অবস্থাতেই রয়েছে। বেশ কিছু আইনি জটিলতা, আর প্রচুর প্রপার্টি ট্যাক্স আর নানা ট্যাক্স বাকি আছে। তাই নতুন করে কোনও প্রোমোটার বা ব্যক্তি কিনতে চাইছেন না বা পারছেন না। দিনে দিনে বাড়িটার কঙ্কাল আরও বেশি করে বেরিয়ে পড়ছে।

সপ্তম অধ্যায়, প্রথম পরিচ্ছেদ এইখানেই শেষ করলাম। চরৈবেতি। 

দ্রষ্টব্য: এই লেখাটি আপনি স্বপ্না দত্ত ওয়েবসাইটেও পড়তে পারেন।

স্বপ্না দত্ত, আমার মা (Swapna Dutta, my Mother)


This page was last updated on: 2 September 2025
Number of revisions on this page: 1
Internet Archive Backup: See here

Friday, August 29, 2025

স্বপ্না দত্ত, আমার মা: ষষ্ঠ অধ্যায়

২৭ অগাস্ট ২০২৫ — আমার মায়ের মৃত্যুর পর একমাস কেটে গেছে। এই সিরিজের লেখাগুলোতে আমার মায়ের সম্পর্কে স্মৃতিচারণ করছি। তারই সাথে খুব চেষ্টা করছি যেন লেখাগুলো শুধুমাত্র কোনও বিশেষ ব্যক্তির রোজনামচা না হয়ে, বৃহত্তর জীবনকে স্পর্শ করার চেষ্টা করে। তাই, পূর্ব প্রকাশিত অধ্যায়গুলোতে হয়তো লক্ষ্য করেছেন যে অনেকটা অংশ জুড়ে মায়ের সম্পর্কে স্মৃতি ছাড়াও আরও অনেক কিছু আছে। এইদিন মা এই করেছিলেন, সেইদিন সেইটা হয়েছিল, আরেকদিন ওইখানে বেড়াতে গিয়েছিলাম — এইরকম একটা ক্রমধারায় জীবনী (chronological biography) লিখতে চাইছি না। এক ব্যক্তির আত্মিক, বৌদ্ধিক এবং মানসিক প্রতিমা, বৃহত্তর মানবজীবন এবং আবেগ–অনুভূতির কথা মাথায় রেখে, শব্দের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি।

একটি সাধারণ ঘরের ভেতরে একটি বিছানায় মা তাঁর তিন সন্তানকে নিয়ে বসে আছেন। পেছনে জংধরা দেওয়াল আর জানালায় গ্রিল, পাশে কাঠের টেবিলে একটি ছোট সাদাকালো টেলিভিশন রাখা আছে।
আমার মা। মায়ের কোলে মাঝখানে আমি।
আমার বাঁ ও ডান পাশে রুপেন আর টুপাই। প্রতিবেশী বন্ধু। 
আনুমানিক ১৯৯০ সালের ছবি। আমার বয়স তখন ~৩ বছর।

কথায় বলে বেঁচে থাকা — শরীর ধারণ করাই — এক বিড়ম্বনা। এই আক্ষেপ অতি প্রাচীন, তবে, বর্তমান সময়েও এই উপলব্ধি একই রকম বা আগের থেকে অধিকভাবে প্রযোজ্য।

শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, প্রেম — এইসব পণ্যে পরিণত হয়েছিল অনেক আগে। এখন দিন দিন এই জিনিসগুলো ক্রমে নাগালের বাইরে চলে যাচ্ছে। শৌখিন জিনিসের কথা আপাতত বলছিই না। বেঁচে থাকার একেবারে মৌলিক জিনিসগুলোও যেন দুষ্প্রাপ্য ও দুর্লভ। 

সাধ আর সাধ্যের মধ্যে ফারাক দিন দিন বেড়েই চলেছে। আমাদের মতো দেশে আপনি স্বাস্থ্য, শিক্ষা জাতীয় পরিষেবা পান না, আপনাকে টাকার জোরে কিনতে হয়। You don't avail of health and education facilities, you purchase them. 

জীবন যেন এক বোঝা — liability — পিঠের ওপর চেপে বসে আছে। আর এর ভার দিন দিন বেড়েই চলেছে।

বেঁচে থাকার অত্যাবশ্যকীয় জিনিসগুলোর নিরন্তর এবং মাত্রাতিরিক্ত বাণিজ্যিকীকরণ, স্বাভাবিকভাবে, একটা সমাজে দুশ্চিন্তার বিষয় হওয়া উচিত। কিন্তু সমস্যা হচ্ছে এই দুশ্চিন্তার স্তর অনেককাল আগেই পেরিয়ে গেছে। 

এর সঙ্গে রয়েছে এক মারাত্মক সহানুভূতির অভাব। দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম অধ্যায়ে অনুভূতির অভাব সম্পর্কে কিছু কথা লিখেছিলাম। সার্বিকভাবে একটা অত্যন্ত বড়ো অসামঞ্জস্য আছে — একটা ভয়াবহ ঘৃণা এবং অবহেলার পরিবেশ। 

হিংসা, ঘৃণা, দুর্নীতি, জালিয়াতি, অহংপ্রদর্শনের লড়াই, একে অন্যের প্রতি অবজ্ঞা আর যা যা সমস্যা চোখে পড়ে, এইটা খুবই সম্ভব যে সেইগুলো আমাদের মনের মধ্যে থাকা সুপ্ত চেতনার এবং অনুভূতির বহিঃপ্রকাশ। এইটা সম্ভব যে আসলে সকল আচরণ মানসিক স্তরে বা গভীরতর স্তরে রয়েছে। যেটা চোখে পড়ছে, এবং আমরা যাকে সমস্যা বলে চিহ্নিত করছি, সেইটা সামান্য বহিঃপ্রকাশ মাত্র। মূল সমস্যা অনেক গভীরে নিহিত। আর যদি এইটা সত্যি হয়ে থাকে, সমস্যাটা অনেক বেশি জটিল হয়ে যায়।

সাহির লুধিয়ানবী (১৯২১–১৯৮০) "তাজমহল" নামক একটি গজল রচনা করেছিলেন। এই গানটি ১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত "গজল" চলচ্চিত্রে ব্যবহৃত হয়। গানটি প্রেমের প্রতীক তাজমহলের উদ্দেশ্যে রচিত। 

হিন্দি: इक शहंशाह ने दौलत का सहारा ले कर
हम ग़रीबों की मोहब्बत का उड़ाया है मज़ाक़।
বাংলা লিপি: ইক শহনশাহ নে দৌলত কা সহারা লে কর
হম গরীবো কি মোহব্বত কা উড়ায়া থা মজাক।
বাংলা অনুবাদ: এক সম্রাট তাঁর ধনসম্পত্তির দম্ভে 
আমাদের মতো গরীবদের ভালোবাসার পরিহাস করেছিলেন।

গানটিতে এক বিরহ, এক যন্ত্রণা বারবার ফিরে আসে। আর সঙ্গে সঙ্গে গানের মধ্যে বারবার এক আকুতি ফুটে ওঠে— 

হিন্দি: मेरी महबूब कहीं और मिला कर मुझ से।
বাংলা লিপি: মেরি মহবুব কঁহি অউর মিলাকর মুঝসে।
অনুবাদ: আমার প্রিয়তম, তোমার সাথে অন্য কোথাও দেখা হবে।

আমার মা গত ২৭ অগাস্ট মারা গেছেন। আমার মনের মাঝে এক মারাত্মক অবসন্নতা অনুভব করছি। দুঃখ রয়েছে। তারই সঙ্গে এক অস্বস্তিও রয়েছে। আমার মা যদি আজ বেঁচে থাকতেন, তাহলেই বা আজ এমন কী বিশাল ফারাক হতো? সেই তো একই ডাক্তার–ওষুধ–হাসপাতালের চড়া বিল, সেই তো একই চারিদিকে অনীহা–অবজ্ঞা। এমন তো নয়, মা বেঁচে থাকলেই আজ সবকিছু স্বর্গরাজ্য হয়ে উঠতো। ভিতরে ভিতরে তো আরও বেশি ক্ষয়ে যেতেন। 

একজন হাসিখুশি মহিলা শাড়ি পরে ঘরের ভেতরে কোলে একটি ছোট শিশুকে ধরে আছেন। শিশুটি লাল পোশাক পরা এবং অন্যদিকে তাকিয়ে আছে, মা স্নেহভরে তার দিকে তাকিয়ে আছেন।
মায়ের কোলে আমি। 
১৯৮৮–এর শেষের দিকের ছবি। 
আমার বয়স তখন ১ বছর।

মনের মধ্যে একটা খুব অস্বস্তি–অনিশ্চয়তা অনুভব করছি। 

মা, তুমি নেই, আমি খুবই দুঃখিত। তোমাকে আমাকে ভালোবাসি। তবে, তোমার সাথে এইখানে নয় — এইখানে আর নয় — অন্য কোথাও দেখা হবে। 

মেরি মহবুব কঁহি অউর মিলাকর মুঝসে।

দ্রষ্টব্য: এই লেখাটি আপনি স্বপ্না দত্ত ওয়েবসাইটেও পড়তে পারেন।

স্বপ্না দত্ত, আমার মা (Swapna Dutta, my Mother)


This page was last updated on: 29 August 2025
Number of revisions on this page: 1
Internet Archive Backup: See here

Tuesday, August 26, 2025

জপ — মনোযোগ সম্পর্কে কিছু কথা

জপ সিরিজের তৃতীয় অধ্যায় লেখা শুরু করছি। যে কোনও কাজ করার ক্ষেত্রে মনোযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে সকল শাস্ত্র এবং গুণীজনেরই মতামত এক।

মনোযোগ বিষয়টি খুব বড়ো। আমাদের বিভিন্ন লেখায় মনোযোগ সম্পর্কে আলোচনা ফিরে ফিরে আসবে। এই অধ্যায়ে মনোযোগ সম্পর্কে অল্প কিছু কথা লেখার চেষ্টা করবো।

শ্রীরামকৃষ্ণ এবং রাণী রাসমণির অমনোযোগ

রাণী রাসমণি (১৭৯৩–১৮৬১) কলকাতার জানবাজারের একজন প্রসিদ্ধ জমিদার ছিলেন। রাণী রাসমণির স্বামী রাজচন্দ্র দাসের মৃত্যুর পর রাণী রাসমণি জমিদারির দায়িত্ব গ্রহণ করেন। মানবদরদী রাসমণি মানবসেবা এবং জনহিতৈষী কাজের মাধ্যমে খ্যাতি লাভ করেন। রাসমণি দক্ষিণেশ্বর কালীমন্দিরের প্রতিষ্ঠাত্রী এবং রামকৃষ্ণ পরমহংসের (১৮৩৬–১৮৮৬) অন্যতম প্রধান পৃষ্ঠপোষক ছিলেন।

১৮৫৫ সালে রাসমণি দক্ষিণেশ্বর কালীমন্দির প্রতিষ্ঠা করার পর রামকৃষ্ণদেব এই মন্দিরের প্রধান পুরোহিত হিসাবে যোগদান করেন। এই সময় রামকৃষ্ণদেব কালী আরাধনায় এবং সাধনায় তাঁর সমস্ত সময় এবং শ্রম নিয়োগ করেছিলেন। এইখানে লক্ষণীয়, রাণী রাসমণি শ্রীরামকৃষ্ণের থেকে বয়সে প্রায় ৪৩ বছরের বড় ছিলেন।

একদিন রাসমণি দক্ষিণেশ্বর কালীমন্দিরে দেবীদর্শনের জন্য এসেছেন। তখন দেবীর পূজা চলছে, রাসমণি কালীদর্শন করলেন। হঠাৎ সকলকে চমকে দিয়ে রামকৃষ্ণদেব এগিয়ে এসে মারলেন এক চড়। আশেপাশের সবাই চমকে উঠলো। এ কী করলেন রামকৃষ্ণ? অত বড়ো একজন জমিদারকে একজন পুরোহিত আঘাত করলেন?

এই ঘটনার অন্য একটি বর্ণনা আছে। সেইটি হলো রামকৃষ্ণদেব রাসমণিকে চড় মারেননি, বরং তাঁর পিঠে চাপড় মেরেছিলেন। 

শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত গ্রন্থে ১৬ অক্টোবর ১৮৮২–এর দিনলিপিতে সরাসরি এই ঘটনার উল্লেখ আছে। রামকৃষ্ণদেবের নিজের স্মৃতিচারণায়—

একদিন রাসমণি ঠাকুরবাড়িতে এসেছে। কালীঘরে এল। পূজার সময় আসত আর দুই-একটা গান গাইতে বলত। গান গাচ্ছি, দেখি যে অন্যমনস্ক হয়ে ফুল বাচ্ছে। অমনি দুই চাপড়। তখন ব্যস্তসমস্ত হয়ে হাতজোড় করে রইল।

এরপর রামকৃষ্ণদেব রাণী রাসমণিকে শান্তভাবে জিজ্ঞেস করলেন— "এইখানে এসেও ওই ভাবনা?" রাসমণি কিছু উত্তর দিতে না পেরে সচেতন হয়ে পুজোর দিকে মনোযোগ দিলেন।

আসলে এইদিন যা হয়েছিল তা হলো রাণী রাসমণি দক্ষিণেশ্বরে এসে কালী আরাধনায় যোগদান করেছিলেন বটে, কিন্তু তাঁর মন পড়েছিল তাঁর বিভিন্ন কাজের দিকে — জমিদারি কাজের বিভিন্ন দায়–দায়িত্ব, লাভ–ক্ষতি, মামলা–মোকদ্দমা — এইসবের দিকে। মন্দিরে কালীপ্রতিমার সামনে উপস্থিত থেকেও তাঁর মনোযোগ ছিল না। সংবেদনশীল শ্রীরামকৃষ্ণ এই অমনোযোগিতা লক্ষ্য করেন এবং সেই অনুযায়ী রাণী রাসমণির মনোযোগ ফিরিয়ে আনতে সচেষ্ট হন।

শ্রী রামকৃষ্ণ পরমহংসের প্রতিকৃতি, গেরুয়া বস্ত্র পরিহিত, একটি হাত আশীর্বাদ বা উপদেশ প্রদানের ভঙ্গিতে উঁচু করা।
রামকৃষ্ণদেব (১৮৩৬–১৮৮৬)। 
রাণী রাসমণিকে তাঁর অমনোযোগিতা সম্পর্কে সচেতন করেছিলেন। 
চিত্রসূত্র: উইকিমিডিয়া কমন্স। 

গুরুদ্বারে মস্তক আবরণ

আপনি হয়তো এই বিষয়ে জানেন এবং লক্ষ্য করেছেন যে গুরুদ্বারে (শিখ মন্দিরে) মাথা ঢেকে রাখা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম। আপনি যদি পবিত্র গুরুদ্বারে প্রবেশ করেন তাহলে আপনার মাথা পাগড়ি, চাদর, রুমাল, দোপাট্টা, আঁচল জাতীয় বস্ত্র দ্বারা সম্পূর্ণ আচ্ছাদিত থাকা প্রয়োজন। 

এই গুরুদ্বারের অভ্যন্তরে মাথা ঢেকে রাখা শুধুমাত্র একটি বাহ্যিক পরিবর্তন নয়। এর পিছনে কয়েকটি কারণ বলা হয়। যেমন, ১) শ্রদ্ধা ও ভক্তি: শিখ ধর্ম, শিখ গুরু, গুরু গ্রন্থ সাহিবের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, ২) অহংকার দমন: মাথা ঢাকা মানে নিজের অহংকারকে ঢেকে রাখা, বা "আমি নিজেকে অহেতুক বড়ো ভাববো না" – এই বিনয়ের প্রকাশ।

আমি নিজে শিখ ধর্মের উদারতার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। বহুদিন ধরে নানা গুরুদ্বারে গিয়ে অভিজ্ঞতা লাভ করে এবং মনোনিবেশ করে, আমার খুব মনে হয় যে গুরুদ্বারে মাথা ঢেকে রাখার আরেকটা বড়ো কারণ আছে। 

দেখুন, মাথা হলো চিন্তা–ভাবনার প্রতীক। আমাকে যখন বলা হচ্ছে গুরুদ্বারে নিজের মাথা ঢাকা দাও, হয়তো বা তার অর্থ এই যে, এইখানে এসেছো, এখন তুমি তোমার অন্য সব চিন্তা বাদ দাও। নিজের মাথা ঢাকো — নিজের অন্য সব চিন্তা সরিয়ে ফেলো। 

পাঞ্জাবি গুরুমুখী: ਨਾਨਕ ਨਾਮ ਜਹਾਜ਼ ਹੈ, ਜੋ ਚੜ੍ਹੇ ਸੋ ਉਤਰੇ ਪਾਰ।
বাংলা: গুরু নানকের নাম জাহাজ তুল্য। যে সেই জাহাজে চড়ে সে পাড়ে নিশ্চয় পৌঁছয়।

তবে, মনোযোগের প্রয়োজন তো। পবিত্র গুরুদ্বারে এসেছো, মহান গুরুদের নিকটে রয়েছো। নিজের মাথা (চিন্তা–ভাবনা) আচ্ছাদিত করো। এখন শুধু গুরুর প্রতি মনোনিবেশ করার সময়। 

জপ এবং মনোযোগ

একটা সময় আমি বেশ কিছু বড় বড় অফিস বা ব্রেইনস্টর্মিং মিটিং–এ অংশগ্রহণ করেছি। এইসব ব্যয়বহুল আলোচনাসভায় আমার যা অভিজ্ঞতা হয়েছে এবং যা নিশ্চিত আপনিও খুব লক্ষ্য করেছেন যে অধিকাংশ মানুষ মনোযোগ দেন না। তাঁরা শারীরিকভাবে সভাস্থলে উপস্থিত, কিন্তু তাঁদের মন যেন অন্য কোথাও পড়ে আছে। কিছু কিছু ক্ষেত্রে দেখেছি মিটিং চলাকালীন ল্যাপটপ আর মোবাইল নিষিদ্ধ করা হয়। তবে তা করে অংশগ্রহণকারীদের মনোযোগ বিশেষ কিছু বাড়ে বলে মনে হয় না।

আমাদের এই প্রবন্ধ সিরিজের প্রধান বিষয় জপ। জপের সময়ে মনোযোগ অত্যন্ত জরুরি। এই অধ্যায়ে দুইটি বর্ণনা করেছি। রাণী রাসমণির সাময়িক অমনোযোগিতা এবং গুরুদ্বারে মস্তক আচ্ছাদন সম্পর্কে অভিমত। যখন আমরা জপ করবো, অন্য সব চিন্তা বাদ দিতেই হবে। একাগ্র মনোযোগ প্রয়োজন। যদি একবারেই এই অবস্থায় পৌছনো না যায়, ধীরে ধীরে মনোযোগ বৃদ্ধির প্রচেষ্টা করতে হবে। নিজের মাথা ঢাকা দিতেই হবে।

জপ বিষয়ক তৃতীয় অধ্যায় এইখানেই শেষ করলাম। 

Japa (জপ)


This page was last updated on: 26 August 2025
Number of revisions on this page: 1
Internet Archive Backup: See here

Sunday, August 24, 2025

জপ — কী জপ করবেন?

জপ, নামজপ বা ধ্যানজপ সিরিজের দ্বিতীয় অধ্যায় শুরু করছি। এর আগে জপ সিরিজের প্রথম অধ্যায়ে জপের সংজ্ঞা, জপ করার কারণ ইত্যাদি আলোচনা করেছিলাম। দ্বিতীয় অধ্যায়ের প্রধান আলোচ্য বিষয়— কী জপ করবেন। বেশ কিছু উদাহরণ এবং বিবরণসহ বিস্তারিত এই বিষয়ে বলার চেষ্টা করবো।

জপ — শব্দের সন্ধানে

জপ করার জন্য আপনার প্রথমেই প্রয়োজন হবে একটা শব্দ। অথবা কয়েকটি শব্দ একত্রে, বা একটা নাম — যেইগুলোও আসলে শব্দই।

দেখুন, শব্দ ছাড়াও অন্যান্য জপ যেমন দৃশ্যজপ, অনুভূতিজপ ইত্যাদি হওয়া সম্ভব। তবে, শব্দজপই সর্বাধিক প্রচলিত, জনপ্রিয়, এবং তুলনামূলকভাবে সহজ। দৃশ্যজপ, অনুভূতিজপ ইত্যাদি এই অধ্যায়ের বিষয় নয়, তবে আপাতত একটা উদাহরণ দিই— ধরুন আপনার কোনও প্রিয় মানুষ। বারবার তাঁর মুখ আপনি কল্পনা করছেন। তাঁর হাসি বা অন্য কোনও দৃশ্য আপনার মনে ভেসে উঠছে। আপনি তাঁর নাম যে বারবার উচ্চারণ করছেন, এমন নয়। শুধু একটা দৃশ্য বারবার আপনার মনে ফিরে ফিরে আসছে। এইটা হলো দৃশ্যজপ। একই ভাবে যদি বিশেষ কোনও অনুভূতি যদি আপনি পুনঃপুনঃ স্মরণ বা অনুভব করেন, তাহলে সেইটা অনুভূতিজপ।

দৃশ্যজপ বা অনুভূতিজপ যে আলাদা করেই করতে হবে, এমন নয়। বিশেষ শব্দ জপের মাধ্যমেই আপনি নাম–রূপ, নাম–গুণ, রূপ–গুণ — ইত্যাদি স্তরও অভ্যাস করতে পারেন। আপাতত এই বিষয় নিয়েই বলি।

জপ — অর্থপূর্ণ নাকি অর্থহীন? 

একটি বা কয়েকটি শব্দ একত্রে নিয়ে জপ শুরু করা যাক। এই শব্দ অর্থপূর্ণ এবং অর্থহীন — দুটোই হতে পারে। সাধারণত অর্থ আছে এমন শব্দ জপ করা অধিক প্রচলিত। অর্থপূর্ণ শব্দ জপ করলে সেইটা মনের মাঝে একটা চিত্র কল্পনার মাধ্যমে ফুটিয়ে তোলে। ধরুন আপনি একটি নাম জপ করছেন, সেই নাম জপ করার সাথে সাথে আপনার মন নামের সাথে রূপও কল্পনা করছে। আমি একটা শব্দ (নাম) জপের মতো কয়েকবার বললাম—

যীশু, যীশু, যীশু, যীশু।

দেখুন এই নাম জপের সাথে সাথেই মনের মাঝে একটা রূপও ফুটে উঠলো। যীশুর কোনও পরিচিত চিত্র। হয়তো বা যীশুর নাম জপ করার সাথে সাথে ওনার জীবন সম্পর্কে বর্ণিত বিভিন্ন ঘটনা, ওনার বিভিন্ন বাণীও আপনার মনের মধ্যে ভেসে বেড়াতে শুরু করলো।

আরও একটি উদাহরণ দিই। 

সৎনাম ওয়াহেগুরু। 
পাঞ্জাবি গুরুমুখী: ਸਤਿਨਾਮ ਵਾਹਿਗੁਰੂ।

শিখধর্মের এই পবিত্র বাণী জপ করলে বোধ হয় মনের মধ্যে ধীরে ধীরে একটা সুন্দর আধ্যাত্মিক পরিবেশ গড়ে ওঠে। ওয়াহেগুরু বললাম তার মানে সাথে সাথেই ঈশ্বরের নির্দিষ্ট একটা চিত্র মনে ভেসে উঠলো, এমন নয়। শিখধর্মে ঈশ্বরের সর্বজনসম্মত চিত্র বা প্রতিমা নেই। এই নামজপের মাধ্যমে ঈশ্বরের নির্দিষ্ট রূপ না হোক, একটা সার্বিক পবিত্র পরিবেশ, একটা নির্মল বাতাবরণ মনের মধ্যে সৃষ্টি হয় বৈকি।

শিখধর্মের প্রথম গুরু, গুরু নানকের একটি ঐতিহ্যবাহী ছবি। তিনি শান্ত ও ধ্যানমগ্ন ভঙ্গিতে বসে আছেন। তাঁর সাদা দাড়ি, অলঙ্কৃত পোশাক ও পাগড়ি রয়েছে, মুখে শান্ত ও কোমল অভিব্যক্তি। পুরো ছবিটি শান্তি, ভক্তি এবং শিখ শিক্ষার আধ্যাত্মিকতার প্রতীক।
গুরু নানক — নামজপের ওপর অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন।
ঊনবিংশ শতাব্দীর চিত্র। 
সূত্র: উইকিমিডিয়া কমন্স।

অতএব, আপনি জপ করার সময় অর্থপূর্ণ শব্দ ব্যবহার করতে পারেন। যেমন—

বিষয়  জপের শব্দ 
ঈশ্বরের নাম 
(দৈব নাম) 
রাম, কৃষ্ণ, কালী, আল্লাহ, যীশু, বুদ্ধ, নানক, দুর্গা, ভবানী, প্রমুখ। একই নাম একাধিকবার বা একাধিক নাম একসাথে উচ্চারণ করা যায় যেমন হরেকৃষ্ণ, রাধাকৃষ্ণ, হরগৌরী। 
অনুভূতি প্রেম, শক্তি, বিজয়, শৌর্য, সাহস ইত্যাদি। এইরকম কোনও শব্দ বেছে নিতে পারেন। 
  • শিবোহম (আমি শিব), 
  • অহং ব্রহ্মাস্মি" (আমি ব্রহ্ম), 
  • চরৈবেতি (এগিয়ে চলো), 
  • বন্দেমাতরম্‌ (ভারত দেশমাতৃকাকে স্মরণ করে),
  • আল্লাহু আকবর (আল্লাহ মহান), 
  • লা ইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ভিন্ন কোনও উপাস্য নেই), 
  • বুদ্ধং শরণম গচ্ছামি (আমি বুদ্ধের শরণে যাচ্ছি), 
  • হ্যালেলুইয়া (ঈশ্বরের মহিমা), 
  • বাবা নাম কেবলম্‌ (প্রভাতরঞ্জন সরকারের স্মরণে), 
  • রামকৃষ্ণ শরণম্‌ (রামকৃষ্ণদেবকে স্মরণ করে), 
  • জয় শ্রী গুরুমহারাজকি জয় ইত্যাদিও জপ করতে পারেন।
ঐতিহাসিক এবং বিশেষ ব্যক্তি শিবাজী মহারাজ, নেতাজী সুভাষচন্দ্র বসু, ঝাঁসির রাণী লক্ষ্মী, মাদার টেরেজা, মনসুর আল–হাল্লাজ, সক্রেটিস, আইজাক নিউটন — এইরূপ কোনও ব্যক্তির নাম যা আপনাকে অনুপ্রেরণা যোগায়। 
অথবা, কোনও ব্যক্তিগত প্রিয় মানুষের নাম বা আপনার সঙ্গে তাঁর সম্পর্ক। বাবা, মা, ছেলে, মেয়ে, গুরু, শিক্ষক–শিক্ষিকা, প্রিয়তম–প্রিয়তমা ইত্যাদি। 
বিশেষ শব্দ এবং বীজমন্ত্র হ্রীং, ক্লীং, ঐং, ক্রীং, গং (মহামায়া, ভুবনেশ্বরী, মহালক্ষ্মী, কৃষ্ণ, কালী, দুর্গা প্রমুখ দেবদেবীর বীজমন্ত্রসমূহ), রাঃ–স্বাঃ (অনুকূল ঠাকুরের ভক্তরা অনুশীলন করেন। "রাধাস্বামী"–এর সংক্ষিপ্ত রূপ)।
এছাড়া দীক্ষার সময় আপনার গুরু আপনাকে বিশেষ বীজমন্ত্র দিতে পারেন। 

এইভাবে আপনি কোনও নির্দিষ্ট শব্দ বা নাম সশব্দে, বা মনে মনে উচ্চারণ করতে পারেন। আপনি চাইলে সরাসরি কোনও অর্থ নেই এমন শব্দ, যেমন— ত্ররা, ঐযু, ওমি, ব্রীহ্মি ইত্যাদি জপ করতে পারেন। এই ক্ষেত্রে আপনি নির্দিষ্ট কোনও ধারণা বা রূপের সাথে নিজের জপকে আবদ্ধ করছেন না। যদি অর্থপূর্ণ শব্দ জপ করার সময় মন খুব চঞ্চল হয়, বা মনের মাঝে নানা চিন্তা এসে জপের গতিরুদ্ধ হয়, আপনি সরাসরি কোনও অর্থ নেই, এমন শব্দ জপ করতে পারেন। একইভাবে যদি আপনি রূপ–রস বাদ দিয়ে শুধু জপের শব্দে মনোনিবেশ করতে চান, আপনি এই পদ্ধতি অবলম্বন করতে পারেন।

আমাদের জপের শব্দ অর্থপূর্ণ হোক বা না হোক — সবথেকে এবং একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা কতটা মনোযোগ এবং আন্তরিকতার সাথে নিয়মিত জপ করলাম। অনুশীলনের মধ্যে ভালোবাসা না থাকলে মহান ঈশ্বরের নাম বড় বড় বিশেষণসহ বলে গেলেও অগ্রগতি ধীরে হবে।

হরেকৃষ্ণ মহামন্ত্র

চৈতন্য মহাপ্রভু (১৪৮৬–১৫৩৪) ভারতীয় ভক্তি আন্দোলনের একজন উজ্জ্বল নক্ষত্র এবং পথপ্রদর্শক, যিনি ভক্তি ও নামজপের মাধ্যমে ঈশ্বরের স্মরণকে মানুষের মধ্যে প্রবলভাবে জনপ্রিয় করেছিলেন। তিনি হরেকৃষ্ণ মহামন্ত্র প্রদান করেছিলেন। 

হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে।
হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে।

এই মহামন্ত্রটি শুধুমাত্র নাম বা শব্দের পুনরাবৃত্তি নয়। দুর্দান্ত ছন্দ, গতি, তাল, মাত্রা, শব্দচয়ন, অর্থসংযোগ — সব নিয়ে খুব শক্তিশালী এক মন্ত্র। আপনি কয়েকবার মহামন্ত্র জপ করেন দেখবেন আপনার উচ্চারণ আপনার শ্বাস–প্রশ্বাসের এবং হৃৎস্পন্দনের সাথে মিলেমিশে যাচ্ছে। আপনার কষ্ট হচ্ছে না। অন্য অনেক শব্দ জপ করার সময় খেয়াল করবেন যেন কষ্ট হচ্ছে, শ্বাস–প্রশ্বাসের গতি, বুকের ধুকপুকানি বেড়ে যাচ্ছে। এই এতবার জপ হলো, ওই অতবার জপ হলো — এইসব হিসেব মনকে কষ্ট দিচ্ছে। মহামন্ত্র জপের সময় আপনার সবকিছু অনেক সহজ এবং মোলায়েম মনে হবে। চৈতন্য মহাপ্রভু একেবারে বেছে বেছে সেরা ফুলগুলো দিয়ে পরম যত্নে এক মালা বানিয়ে দিয়েছেন। মহামন্ত্র জপের জন্য অত্যন্ত কার্যকর।

মহাজনো যেন গতঃ স পন্থাঃ

আমি ওপরে চৈতন্যদেবের মহামন্ত্রের উদাহরণ দিলাম। আপনি বিভিন্ন ধর্ম এবং সম্প্রদায়ের অনুশীলনে দেখবেন মহান জনেরা দারুণ সব মন্ত্র প্রদান করেছেন। শিবস্তোত্রম হোক, মহামৃত্যুঞ্জয় মন্ত্র হোক, বুদ্ধধর্মের ত্রিশরণ হোক — এইরকম সব মন্ত্রেই উৎকর্ষতা এবং উপকারিতা বিশেষভাবে লক্ষ্যণীয়। 

আপনি চাইলে যে কোনও শব্দ বা বাক্য জপ করতে পারেন। তবে শাস্ত্র বলে "মহাজনো যেন গতঃ স পন্থাঃ" — মহাজনেরা যে পথে হেঁটেছেন সেই পথ অনুসরণ করা উচিত। তাই, আপনি আপনার পছন্দমতো যে কোনও ধর্মের, বা কোনও মহামানবের প্রদত্ত বাণী জপ হিসাবে ব্যবহার করতে পারেন।

শব্দের অর্থ ও মনের ওপর ক্রিয়া

একটা সুন্দর তথ্য দিই। একটা শব্দ যখন আপনি বারবার উচ্চারণ করছেন বা ব্যবহার করছেন, সেইটা আপনার মনের ওপর একটা ক্রিয়া করে। তাই ব্যবহারিক মনস্তত্ত্বের দিক দিয়ে দেখলে আপনি আপনার কোনও অনলাইন অ্যাকাউন্টে বা আপনার ডিভাইসে কী পাসওয়ার্ড ব্যবহার করবেন, সেইটা একটু ভেবে স্থির করা উচিত। এই পাসওয়ার্ড বা পিন আপনি বারবার ব্যবহার করছেন, যদি আপনি একটি শক্তিশালী ও ইতিবাচক শব্দ বা পাসওয়ার্ড ব্যবহার করেন, তাহলে এটি আপনার মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। অন্যদিকে, নেতিবাচক বা দুর্বল শব্দ ব্যবহার করলে তা মানসিক শক্তি হ্রাস করতে পারে।

মনোবিজ্ঞানে প্রাইমিং (Priming) নামে একটি ধারণা রয়েছে। প্রাইমিং হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে একটি উদ্দীপক (যেমন একটি শব্দ) চিন্তা বা আচরণকে প্রভাবিত করে। 

জপ করার সময় ব্যবহৃত নাম, শব্দ, বা বাক্য চয়নের সময় মনোযোগ দেবেন। 

মুঘল যুগের একটি ঐতিহাসিক চিত্রকর্ম যেখানে সুফি সাধক মনসুর আল-হাল্লাজের মৃত্যুদণ্ড দেখানো হয়েছে। তাঁকে কাঠের ফ্রেমে বেঁধে রাখা হয়েছে, চারপাশে সৈন্য ও দর্শকরা দাঁড়িয়ে আছে। কেউ কেউ বেদনায় তাকিয়ে আছে, আবার কারও মুখে কঠোর অভিব্যক্তি। এই দৃশ্য তাঁর শহীদত্বের প্রতীক, যখন তিনি "আনা আল-হক" (আমি সত্য) উচ্চারণ করেছিলেন এবং সেই কারণেই তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
মনসুর আল–হাল্লাজ। 
শক্তিশালী বাণী আনা'ল-হক (أنا الحق) ঘোষণা করেছিলেন।
চিত্রসূত্র: উইকিমিডিয়া কমন্স।

প্রিয় ব্যক্তির নাম জপ করবো কি?

প্রিয় ব্যক্তির নাম জপ করতেই পারেন। গুরু, শিক্ষক–শিক্ষিকা, মা–বাবা প্রমুখ এঁদের নাম এবং এঁদের সাথে আপনার সম্পর্ক আপনি জপে ব্যবহার করতে পারেন। এই পদ্ধতিতে একটা সুবিধা হলো যেহেতু আপনার সেই ব্যক্তির সাথে প্রত্যক্ষ পরিচয়ের অভিজ্ঞতা আছে, আপনার মন অনেক সহজে ধারণা করে নিতে পারবে। মন দোদুল্যমান হবে না। তবে কিছু ক্ষেত্রে এই পদ্ধতিতে বিশেষ অসুবিধা হতে পারে। ধরুন, আপনি পছন্দ করেন এমন কোনও ব্যক্তিকে আপনি বারবার স্মরণ করছেন, কিন্তু কিছু দিন পর দেখলেন আপনি সেই ব্যক্তির কাছ থেকে আপনার প্রত্যাশা অনুযায়ী উত্তর বা ব্যবহার পাচ্ছেন না। হয়তো বা আপনার মনে হতে পারে তিনি আপনাকে তেমন সময় বা গুরুত্ব দিচ্ছেন না। এইরকম সময় আপনার জপ অনুশীলন খুব ধাক্কা পেতে পারে। হয়তো বা কিছু সময় পরে আপনি আপনার স্মরণ–মনন বন্ধ করে দেবেন। মা–বাবা, গুরু — এইরকম সম্পর্কে এই সমস্যা তেমন হবে না বলেই বোধ করি। অন্যান্য যেকোনো সম্পর্কে আপনার প্রত্যাশা যত বেশি, আপনার আশাহত হওয়ার, আঘাত পাওয়ার সম্ভাবনা তত বেশি। 

জপ বিষয়ক দ্বিতীয় অধ্যায় এইখানেই শেষ করলাম। 

Japa (জপ)


This page was last updated on: 24 August 2025
Number of revisions on this page: 1
Internet Archive Backup: See here

Friday, August 22, 2025

স্বপ্না দত্ত, আমার মা: পঞ্চম অধ্যায়

একটা খামতি লক্ষ্য করি। একটা অভাব। সময়ের অভাব, সহানুভূতির অভাব, মনোযোগের অভাব, ভালোবাসার অভাব। 

যেন স্পষ্ট আমরা একে অপরকে বলে দিচ্ছি— "না হে বাপু, কোনও সময় নেই তোমার জন্য। তোমার আর আমার পথ আলাদা। তোমার আর আমার জীবন আলাদা। কোনও জায়গা নেই তোমার জন্য।"

যেন একে অপরের সাথে কথা বলছি শুধু তাঁর কাছ থেকে কতটা কী পাওয়া যায়, কত কিছু সুযোগ–সুবিধা আদায় করা যায়, তার জন্য। নেটওয়ার্কিং করতে হবে যে!

তাই আমরা একে অপরের রূপ–রস–গন্ধ, যোগ্যতা–ক্ষমতা–বুদ্ধিমত্তা দাঁড়িপাল্লা দিয়ে মাপছি। ওহ, তোমার এত ব্যাঙ্ক ব্যালেন্স! বাপ রে, তোমার এত বড় বড় মানুষের সাথে পরিচয়! বাহ, তুমি কি সুন্দরী! — ক্রমাগত মেপেই চলেছি।

গোদের ওপর বিষফোঁড়া হয়ে রয়েছে ছদ্ম মতাদর্শ আর বিশ্বাস। এ মা, তুমি বাঁ হাতি, আমি তো ডান হাতি। তুমি আওয়ামী লীগের সমর্থক, আমি ছাত্র আন্দোলন যে। তুমি সকালে ধোসা খাও, আমি ইডলি। এইরকম খুঁজে খুঁজে এক–আধটা ফারাক পাওয়া গেলেই — সোজা বলে দেওয়া যেতে পারে— "এইবার তুমি ভাগো"।

শুধু এতেই শেষ হলে হতো। যেই একটু ফারাক পাওয়া গেল সমালোচনা–তিরস্কার, ব্যঙ্গ–বিদ্রূপ শুরু। কারণ থাকলে তো বটেই, কারণ না থাকলেও কোনও ছাড় নেই — এবং সেটা চলতেই থাকবে। 

মানুষ হিসাবে আমাদের প্রধান কাজ যেন অন্যের ভুল ধরা, অন্যের সমালোচনা করা আর অন্যকে অপমানিত–আহত করা। 

সহানুভূতি নেই। ভালোবাসা তো একদমই নেই।

স্বপ্না দত্ত নামের একজন মহিলা একটি ভেজা ফুটপাতের ওপর দাঁড়িয়ে আছেন। তিনি একটি উজ্জ্বল হলুদ শাড়ি পরে আছেন এবং মুখে একটি মাস্ক পরা রয়েছে। পেছনে, একটি বিশাল, কারুকার্যখচিত ভবন দেখা যাচ্ছে যেখানে গম্বুজ, স্তম্ভ এবং খিলান রয়েছে, যা বেঙ্গালুরুর বিধান সৌধ। আকাশ মেঘাচ্ছন্ন। একটি ব্যস্ত রাস্তা, যেখানে একটি গাড়ি এবং একটি তিন চাকার অটোরিকশাসহ কিছু গাড়ি ঝাপসাভাবে দেখা যাচ্ছে, মহিলাটিকে ভবন থেকে পৃথক করেছে। দৃশ্যটি দেখে মনে হচ্ছে সম্প্রতি বৃষ্টি হয়েছে, কারণ রাস্তা এবং ফুটপাত ভেজা।
আমার মা — বিধান সৌধ, ব্যাঙ্গালোরের সামনে।
১৪ জুলাই ২০২১।

সময়ের অভাব

সময় নেই। তোমার কথা শোনার সময় নেই। তোমার অনুভূতি বোঝার সময় নেই। তোমার সাথে বা তোমার পাশে থাকার সময় নেই। অথচ পরিস্থিতির কিছু না জেনে, না বুঝে বাজে মন্তব্য করে দেওয়ার যথেষ্ট সময় আছে। এই ধরনের আলপটকা সব মন্তব্যের সারাংশই এক— "আমি জানি, তুমি জানো না। আমি ঠিক, তুমি ভুল।" 

সময় নেই। এই এক ঘণ্টা পরে আমার ভিডিও কল আছে। আগামী পরশু কনফারেন্স অ্যাটেন্ড করতে যেতে হবে যে। উইকএন্ডে পার্টি আছে। ফেসবুক গ্রুপে গিয়ে ডিবেট করতে হবে। ইন্সটাগ্রামে রিল দেখতে হবে — অতএব, তোমার জন্য সময় নেই। 

কিছু একটা ত্রুটি–বিচ্যুতি পেলেই, বা না পেলেও, তোমার জন্য আর সময় নেই।

মেসেজ ইগনোর করে দেব। ব্লক করে দেব। কোনও উত্তর বা পাত্তা দেব না। ... যতক্ষণ না আমার নিজের কোনও কিছু দরকার লাগছে।

সহানুভূতির অভাব

সহানুভূতি — অন্যের অনুভূতি নিজের অনুভূতির মতো অনুভব করা। নেই — সহ অনুভূতি নেই। অনুভূতি যেন সম্পূর্ণ অন্য গোলার্ধে অবস্থান করছে। দাবায় তুমি সাদা হলে আমি কালো। এইরকম বোধ এবং অনুভূতিহীনতা নিয়েই চলছে। 

মনোযোগের অভাব

মনোযোগ–টনোযোগ দিতে পারবো না বাপু। তোমার কাজে, তোমার ব্যাপারে মনোযোগ দেওয়ার — তোমার কথা মন দিয়ে শোনার ইচ্ছে বা সময় কোনটাই আমার নেই। মনোযোগের আশা একদম করো না। 

ভালোবাসার অভাব

ভালোবাসা? সে তো অলীক। তুমি আবার ভালোবাসাও চাও? দাবী তো তোমার কম নয়! তোমার কাছে কুঁড়েঘর নেই, তুমি প্রাসাদে থাকার স্বপ্ন দেখছো! তোমার কাছে শুকনো রুটি নেই, তুমি রুপোর থালায় সোনার চামচ করে শাহী খাবার খেতে চাইছো। 

ভালোবাসা ছিল না — নেই — থাকবেও না। ভালোবাসার কথা তুমি তুললেই বা কী মনে করে? এই বিষয়ে আর কথা বাড়াতে চাইছি না। ভালোবাসা নেই।

(হয়তো) আপনার প্রশ্ন

হয়তো আপনি এখন একটা প্রশ্ন করার কথা ভাবছেন—

এই যে তুমি এইটা নেই, সেইটা নেই বলে যাচ্ছ, তুমি নিজে কী করছো? তুমি সারা পৃথিবীকে যেন কাঠগড়ায় তুলে দিচ্ছ। তুমি নিজে কাকে কী দাও বাপু?

আপনার এই প্রশ্নেরই অপেক্ষায় ছিলাম। এত দেরি করলেন যে এই প্রশ্নটা করতে!

এখন আপনি আমাকে এই প্রশ্ন করছেন। কী জানেন? আপনি যদি আমাকে এই একই কথাগুলো বলতেন যে সহানুভূতি নেই, ভালোবাসা নেই, ইত্যাদি, আমিও আপনাকে থামানোর জন্য, বোধ করি, একই প্রশ্ন করতাম "আরে মশাই, আপনি নিজে কী করছেন? কাকে কী দিচ্ছেন?" এইটা দারুণ মজার ব্যাপার, তাই না?

আরেকটা জিনিস লক্ষ্য করুন। এই লেখায় এই অবধি কে কাকে এই আক্ষেপ — এই প্রশ্নগুলো করছে, তা স্পষ্ট করে উল্লেখ করিনি। আমি জানি এই অভাবগুলো কোনো একক ব্যক্তির নয়। আমি জানি আপনিও কখনও কখনও বা হামেশাই এই অভাবগুলো অনুভব করে থাকেন। অতএব, "তুমি নিজে কী করছো?" জাতীয় প্রশ্ন করে দয়া করে আপনি নিজেই নিজের কণ্ঠরোধ করবেন না। 

আমার মা — স্বপ্না দত্ত 

ছবিটিতে স্বপ্না দত্ত নামের একজন মহিলাকে একটি প্রশস্ত, ভেজা বালির সৈকতে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তিনি সামনের দিকে, ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। তিনি একটি সাদা এবং সোনালী শাড়ি পরে আছেন। পেছনে একটি ব্যস্ত সৈকতের দৃশ্য দেখা যাচ্ছে। সেখানে অসংখ্য অস্থায়ী দোকান এবং ছোট ছোট ঝুপড়ি রয়েছে, যেগুলিতে রঙিন শামিয়ানা লাগানো আছে, যা একটি বাজার বা বিক্রেতা এলাকার ইঙ্গিত দেয়। মানুষজন এই দোকানগুলির আশেপাশে হাঁটাহাঁটি করছে এবং জড়ো হচ্ছে। ছবির বাম দিকে আরও পেছনে, এক সারিতে গাছ এবং কিছু পাথরের স্তূপ দেখা যাচ্ছে। আকাশ পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল মনে হচ্ছে, এবং সামগ্রিক দৃশ্যটি একটি জনাকীর্ণ, প্রাণবন্ত সৈকতের পরিবেশের।
আমার মা ওড়িশা–পশ্চিমবঙ্গ সীমান্তে উদয়পুর সমুদ্রসৈকতে।
  ৫ নভেম্বর ২০২১।

একবার ভাবছিলাম ওপরের প্রতিটা অনুচ্ছেদ আরও কিছুটা করে লিখি। উদ্ধৃতি, বিবরণ, উদাহরণ দিয়ে আরও কিছুটা বড় করে লিখি। থাক, দরকার নেই। আমি জানি, আপনি আপনার নিজের মতো করে — নিজের অভিজ্ঞতা থেকে প্রতিটা অংশই আরও অনেকটা ভেবে নিতে পারবেন।

এইবার বলি আমার মায়ের কথা। এই যে নানা অভাবের কথা (সময়ের অভাব, সহানুভূতির অভাব, মনোযোগের অভাব, ভালোবাসার অভাব) বললাম আমিও প্রচণ্ড রকম এই সকল অভাব বোধ করি। আগেও খুব অভাব বোধ করতাম। এখন যেন আরও বেশি বেশি অভাব বোধ করছি। 

গত ২৭ জুলাই ২০২৫, রবিবার, আমার মা স্বপ্না দত্ত মারা গেছেন। আজকে মায়ের মৃত্যুর পর ২৫ দিন পার হলো। আজকে যখন ফেলে আসা দিনগুলোর দিকে ফিরে তাকাই, লক্ষ্য করি — বুঝতে পারি — আমার প্রতি আমার মায়ের ব্যবহারে এই একটা অভাবও ছিল না। না ছিল সময়ের অভাব। না মায়ের ছিল সহানুভূতি বা মনোযোগের অভাব। ভালোবাসার অভাবও ছিল না।

সমস্যা হচ্ছে, আমার মা মারা গেছেন। ফলে, আমার যে একটাই সম্পর্ক ছিল, যাঁর তরফ থেকে আন্তরিকতার অভাব ছিল না — সেইটাও গেছে। 

আচ্ছা, অহেতুক নাকে–কান্না কাঁদবো না। কিন্তু, এই পুরো বিষয়টাই আমার মনে হয়তো খুব বেশি চাপ ফেলে চলেছে।

ব্যাস, এই অবধি। পঞ্চম অধ্যায় এইখানেই শেষ করলাম। 

এই শব্দটা আজ লিখতে ইচ্ছে করছে না, জোর করেই লিখছি — চরৈবেতি।

দ্রষ্টব্য: এই লেখাটি আপনি স্বপ্না দত্ত ওয়েবসাইটেও পড়তে পারেন।

স্বপ্না দত্ত, আমার মা (Swapna Dutta, my Mother)


This page was last updated on: 22 August 2025
Number of revisions on this page: 1
Internet Archive Backup: See here

Wednesday, August 20, 2025

জপ — সংজ্ঞা? কেন করবেন? কখন করবেন?

জপ, নামজপ বা ধ্যানজপ বিভিন্ন ধর্মের প্রথা এবং আচার–অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মনস্তাত্ত্বিক, সামাজিক এবং সাংস্কৃতিক দিক থেকে দেখলেও জপের গুরুত্ব অনস্বীকার্য। সমাজে প্রচুর সংখ্যক মানুষের মধ্যে জপের প্রতি উৎসাহ এবং জপের অনুশীলন লক্ষ্য করা যায়।

জপ সম্পর্কে একটা প্রবন্ধ লেখার অনেকদিন ধরে খুব ইচ্ছে ছিল। এই প্রবন্ধ সিরিজের মূল লক্ষ্য জপ বিষয়ে বোধ্য–অবোধ্য সবকিছু জড়ো করে লেখা নয়। বরং, যতটা যা বুঝতে পারছি, অনুভব করছি, অভ্যাস করছি — বা শুধু যতটা আমি নিশ্চয়তার সাথে লিখতে পারি ততটাই — সেইগুলোই গুছিয়ে প্রাসঙ্গিক তথ্য ও রেফারেন্সসহ লেখার চেষ্টা করবো। 

এই লেখার বিভিন্ন অধ্যায়ে স্বাভাবিক কারণেই প্রচুর ধর্মীয় রেফারেন্স থাকবে। তবে মূল প্রচেষ্টা থাকবে মানবিক দৃষ্টিকোণ থেকে জপ বিষয় নিয়ে আলোচনা করার। জপ বা নামজপ সম্পর্কে প্রথম অধ্যায় শুরু করছি।

জপ কী?

জপ একটা অনুশীলন যেখানে কোনও একটা বিশেষ শব্দ, নাম, বা মন্ত্র বারবার উচ্চারণ করা হয়। বিভিন্ন গতিতে, বিভিন্ন ছন্দে মনে, সশব্দে বা স্বল্প শব্দের সাথে পুনরাবৃত্তিই হলো জপ। নামজপ জপের অত্যন্ত জনপ্রিয় রূপ। রাম, কৃষ্ণ, বুদ্ধ, আল্লাহ ইত্যাদি নাম অনেকে জপমন্ত্র হিসাবে উচ্চারণ করেন। ঈশ্বরের নাম ছাড়াও, বিশেষ ব্যক্তি, প্রিয় ব্যক্তি, কোনও শব্দ, বাক্য, বা মন্ত্রও জপ করা যেতে পারে।

কাংগ্রা শৈলীর একটি ঐতিহ্যবাহী চিত্রকর্ম যেখানে কমলা-বস্ত্র পরিহিতা এক নারী ভক্ত সাধিকা তানপুরা কাঁধে নিয়ে বাঁশি বাজাচ্ছেন, যা ভক্তি ও আধ্যাত্মিকতার প্রতীক।
সাধিকা মীরা।
তাঁর ভক্তির প্রধান ভিত্তি ছিল অবিরাম নামজপ ও ভজন।
চিত্রসূত্র: উইকিমিডিয়া কমন্স। 

জপের প্রকারভেদ

জপ প্রধানত তিনরকম—

  1. বাচিক জপ: যখন মন্ত্র বা নাম স্পষ্টভাবে মুখে উচ্চারণ করা হয়।
  2. উপাংশু জপ: ঠোঁট নড়ে কিন্তু শব্দ শোনা যায় না, কেবল নিজে শোনার মতো।
  3. মানস জপ: একেবারে মনে মনে জপ করা হয়, ঠোঁট বা জিহ্বা নড়ে না।

জপ কেন করবেন?

আপনি কেন জপ করবেন, বা কতদিন, কতক্ষণ জপ করবেন, তা আপনাকে নিজেকেই ঠিক করতে হবে। 

যদি ইচ্ছা না হয়, বা জপের মধ্যে আপনি কোনও বিশেষত্ব না দেখেন, তবে হয়তো জপ না করাই ভালো। 

যদি আপনার ইচ্ছা বা উৎসাহ হয় আপনি জপ করতে পারেন। জপ করার কয়েকটি কারণ নীচে দিচ্ছি। এইগুলি দেখতে পারেন, তবে স্বতঃস্ফুর্ত ভাবে তাগিদ না এলে আর কারণ খুঁজে না পেলে জপ বেশিদিন চলবে না হয়তো। অল্প কয়েকদিন পরেই হয়তো দেখবেন  জপ করতে ভুলে যাচ্ছেন বা জপ করতে ইচ্ছে করছে না। সকালবেলা থাক, সন্ধ্যেবেলা করবো। আজ থাক, কাল করবো। — এইভাবেই চলতে থাকবে। তাই, আপনি কেন জপ করবেন, তা আপনার পরিস্থিতি ও প্রেক্ষাপট অনুযায়ী নিজেই ঠিক করুন।

জপ করার কয়েকটি কারণ উল্লেখ করা হয়ে থাকে। জপ অনুশীলন মানসিক, আত্মিক, এবং শারীরিক — তিন স্তরে আমাদের জীবনে প্রভাব ফেলে। এটি শুধু ধর্মীয় বা আধ্যাত্মিক প্রক্রিয়া নয়, বরং একটি মনসংযমের পদ্ধতি, যা মানুষের দেহ, মন এবং চেতনার মধ্যে সেতুবন্ধন তৈরি করে। জপ করার মূল উদ্দেশ্য হলো মনকে নিয়ন্ত্রণে আনা, চেতনার গভীরে প্রবেশ করা এবং অস্থিরতাকে কমানো।

আমরা যদি মনোসংযোগ বাড়াতে চাই, অথবা কোনও ব্যক্তি, বস্তু বা বিষয়ের প্রতি মনটাকে একাগ্র করতে চাই, তবে জপ এক কার্যকরী পদ্ধতি। কিন্তু, কেন আমরা একটা নির্দিষ্ট বিষয়ের প্রতি মনোনিবেশ করতে চাইবো? কারণ কী? 

» হতে পারে যে চারপাশের নানা বিষয়, ঘটনা আমাদের বিব্রত করে। চেষ্টা করেও মনকে শান্ত করতে পারছি না। মন ক্ষণে রুষ্ট, ক্ষণে তুষ্ট। রুষ্ট তুষ্ট ক্ষণে ক্ষণে। 

» হতে পারে যে মনের মধ্যে একটা তীব্র ইচ্ছে রয়েছে কোনও কিছুর প্রতি নিরবচ্ছিন্ন মনোসংযোগ করার। ভালোবাসার। অঝোরে যেমন বৃষ্টি ঝরে — ঠিক তেমন। ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়ির আবডালে ফসলের ঘুম — ঠিক তেমন।

» হতে পারে আমাদের মনের মধ্যে অনিয়ন্ত্রিত চিন্তা, একটানা বকবক নিয়ে আমরা নিজেরাই বিব্রত। ভাবতে চাই না তবু ভেবে ফেলি। করতে চাই না তবু করে ফেলি। প্রতিটা কাজ আগে একটা চিন্তা হিসাবে থাকে — তারপর সেই চিন্তা কাজ হিসাবে প্রকাশ পায়। মনের মাঝে অনিয়ন্ত্রিত চিন্তার বুদবুদ রয়েছে যখন, করতে না চাওয়া কাজ করে ফেলাই স্বাভাবিক। পরে হয়তো আক্ষেপ হয় — কেন ভাবলাম, কেন করলাম?

» হতে পারে যে আমরা হয়তো সদ্য কোনও আঘাত পেয়েছি। মন খুব চঞ্চল — ব্যথিত। মনটাকে শান্ত করতে চাইছি — যন্ত্রণা কমাতে চাইছি।

» হতে পারে আমরা শুধু বর্তমানে মনোসংযোগ করতে চাইছি। অতীতের স্মৃতিচারণা নয়, ভবিষ্যতের দুশ্চিন্তা নয়, কাল্পনিক দুনিয়ায় অলস ভ্রমণ নয় — শুধু বাস্তবে বর্তমানে থাকতে চাইছি — বাঁচতে চাইছি।

উপরোক্ত সবকটিই পরিস্থিতি এবং এইসকল ছাড়া আরও বিষয় জপ করার কারণ হিসাবে গণ্য হতে পারে। 

জপ করার জন্য জপ করা — মানে জপ করতে ভালো লাগে তাই জপ করা — এইটাও জপ করার একটা অত্যন্ত বড় এবং শক্তিশালী কারণ। একটা নির্দিষ্ট সময় ধরে জপ অনুশীলন করলে অভ্যাসবশত মন নিজে থেকেই নামজপ শুরু করে দেয়। গুরু নানক "অজপা" অবস্থার উল্লেখ করেছিলেন যখন জপ স্বতঃস্ফূর্তভাবে হতে থাকে, বাহ্যিক চেষ্টার প্রয়োজন হয় না।

জপের ছন্দ

একই শব্দ, নাম, বা মন্ত্র বারবার উচ্চারণ বা জপ করলে একটা ছন্দের সৃষ্টি হয়। একজন ব্যক্তি নিজেও বিশেষ কোনও ছন্দে জপ করতে পারেন। ধরুন, একটা একজন ব্যক্তি ॐ প্রণবমন্ত্র জপ করছেন। এখন তিনি এই জপ বিভিন্ন রকম ভাবে পুনরাবৃত্তি করতে পারেন। যেমন—

ॐ — ॐ — ॐ — ॐ ... 
এইখানে ॐ একবার করে স্পষ্টভাবে উচ্চারণ করা হচ্ছে।

অথবা,

ॐ ॐ ॐ ॐ 

ॐ ॐ ॐ ॐ 

ॐ ॐ ॐ ॐ 

ॐ ॐ ॐ ॐ

এইখানে ॐ একসাথে চারবার করে উচ্চারণ করা হচ্ছে। বিরাম নিয়ে আবার জপ শুরু করা হচ্ছে। 

এইটা এইভাবেও করা যেতে পারে— ॐ ॐ ॐ ॐ — চার বার জপ করে স্বল্পবিরাম। ৪×৪=১৬ বার অথবা ৪×২৭=১০৮ বার অথবা ৪×২৫২=১০০৮ বার জপ করার পর দীর্ঘ বিরাম। 

বৌদ্ধধর্মের একটা উদাহরণ দিয়ে বলি—

বুদ্ধং শরণং গচ্ছামি।

 ধম্মং শরণং গচ্ছামি।

 সংঘং শরণং গচ্ছামি।

এই ত্রিশরণ মন্ত্র একসাথে বা শুধু প্রথম অংশ "বুদ্ধং শরণং গচ্ছামি" ছন্দসহ জপ করা যেতে পারে।

জপ গণনা এবং গণনাবিহীন জপ

১০৮ বার বা ১০০৮ বার জপ করা সাধারণত প্রচলিত। তবে আপনি অন্যান্য সংখ্যা ৫১, ১০১, ১০০১, বা যে কোনও লক্ষ্য স্থির করতে পারেন। ১ বা ৪ দিয়ে যে ভাগ করতে হবে, এমন নয়। আপনি চাইলে ২, ৪, ৮, ১৬ দিয়ে ভাগ করেও সাইকেল করতে পারেন। ১–এর সাইকেলে অভ্যাস (ॐ — ॐ — ॐ — ॐ ... ) সবথেকে সহজ। আপনি যত বড় সাইকেল করবেন হয়তো কঠিনটা তত বেশি হবে। 

আপনাকে যে সংখ্যা গুণে গুণেই করতে হবে তার কোনও বাধ্যবাধকতা নেই। অনেকে জপ করার সময় কতবার জপ করলেন তার একদমই হিসেব রাখেন না। তাঁদের মত এই যে জপ করার সময় প্রতি মুহূর্তে এক, দুই, তিন, চার করে গুণে গেলে মনোযোগ আর মনের শক্তি জপ এবং জপের বিষয় থেকে এই গণনাতেই বেশি চলে যায়। 

একই ভাবে অনেকে জপ করার ক্ষেত্রে জপের সময়ও, মানে কতক্ষণ জপ করলেন, তাও লক্ষ্য করেন না। এইখানে যুক্তি, ধরুন আপনি আপনার অত্যন্ত প্রিয় মানুষের সাথে কিছুটা সময় কাটানোর সুযোগ পেয়েছেন, আপনি কি মিনিট সেকেন্ডের হিসেব রাখবেন? এক বা দুই ঘণ্টা হয়ে গেলেই নিজেকে বাহবা দেবেন? নাকি যতটা বেশি সময় সম্ভব আপনি আপনার প্রিয় মানুষের সাথে থাকার চেষ্টা করবেন? তাহলে, জপ, ধ্যান ইত্যাদির ক্ষেত্রেই বা সময়ের হিসেব রাখা কেন?

সঠিক বক্তব্য। এইরকম করতে পারলে খুব ভালো হয়। সাথে সাথে, বাস্তব সমস্যাও থাকতে পারে। একটা কথা শুধু ভালো লাগে বলে বলে দিলাম, করতে পারলাম না, তাহলে তো কিছু কাজের কাজ হয় না। করতে পারলে তো খুবই ভালো, নইলে দেখবেন প্রথম কয়েকদিন পর জপের বা ধ্যানের সময় কমে আসছে, বা আমরা জপ করতে ভুলে যাচ্ছি। আর ঐদিকে আমরা সময়ের বা জপের হিসেবও রাখছি না। ফলে, যারা গুণে বা সময় ধরে জপ করছেন তাঁদেরও প্রচেষ্টা অর্থপূর্ণ — তাঁরা নিজেদের অনুশীলনকে আরও বেশি শৃঙ্খলাবদ্ধ করার চেষ্টা করছেন। 

আমরা গুণে অথবা না গুণে, অথবা মিশ্রভাবে জপ করতে পারি। এই মিশ্রভাবে করার অর্থ একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা স্থির করা। ধরুন, দিনে কমপক্ষে ১০৮ বার বা ১৫ মিনিট জপ করবোই। এই অংশটার হিসেব রাখবো। আর তারপর সারাদিন কতক্ষণ বা কতবার জপ করবো তার আর কোনও হিসেব রাখবো না। এতে রোজকার শৃঙ্খলাও হলো, আর অহেতুক প্রতি মুহূর্তে সংখ্যা গুনে নিজের মনোযোগ নষ্ট করা হলো না।

যেই পদ্ধতি আপনার সুবিধা হবে এবং আপনি আন্তরিকভাবে করতে পারবেন, সেই পদ্ধতিতেই জপ করবেন।

জপের সময় — কখন জপ করবেন?

জপের বাঁধাধরা নির্দিষ্ট সময় নেই। আপনার যখন ইচ্ছে তখন জপ করতে পারেন। নিজের সুবিধের জন্য প্রতিদিন একটা নির্দিষ্ট সময়েও জপ করতে পারেন।

অনেকে ব্রহ্মমুহূর্ত, ভোর সাড়ে তিনটে থেকে সূর্যোদয়ের আগে অবধি, জপ করেন। অনেকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে জপ করেন। অনেকে সন্ধ্যাকালীন প্রার্থনার সময় জপ করেন। আবার অনেকে রাতে শুয়ে পড়ার পর জপ করেন। এইক্ষেত্রে লক্ষ্য থাকে যে যতক্ষণ না ঘুম আসছে ততক্ষণ জপ চালিয়ে যাওয়া। তারপর যখন ঘুম এলো তো এলো।

অনেকে বিশেষ তিথি বা মুহূর্তে, যেমন একাদশী, পূর্ণিমা, কোনও পুজো–পার্বণ, নিজের বা প্রিয় মানুষের জন্মদিন, সূর্যগ্রহণ–চন্দ্রগ্রহণ এই সব সময়ে জপের পরিমাণ বাড়িয়ে দেন। অনেক ধর্মপ্রাণ মুসলমান রমজান মাসে রোজা রাখার সময় একনিষ্ঠভাবে অবিরাম জিকির করেন — আল্লাহর নাম, সিফত (গুণ) বা বিশেষ বাক্য (যেমন আল্লাহু আকবর) পুনরাবৃত্তি করেন।

অনেককে দেখেছি কিছু কাজ শুরু করার আগে, বা করার সময় জপ করেন। সবথেকে বেশি দেখা যায় দুপুরে বা রাতে খাবার খাওয়ার আগে নির্দিষ্ট সংখ্যক বার ঈশ্বর বা অভীষ্ট জপ করা। এছাড়াও কোনও বড় কাজ বা প্রজেক্ট শুরুর আগে, কোথাও যাত্রা শুরু করার আগেও অনেককে জপ করতে দেখা যায়। ছাত্র–ছাত্রীদের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরুর আগে ভগবানের নামজপ করার প্রবণতা লক্ষ্য করে থাকবেন। 

অনেকে যখন একলা থাকেন বা কিছু কাজ থাকে না — অলস মস্তিষ্ক যেন শয়তানের কারখানা না হয়ে যায় — জপ করেন।

অনেক সময় অনেকের সাথে কথা বলতে গিয়ে দেখি অহেতুক বাজে বকছেন। কিছু সময় এড়ানোও যায় না, কিন্তু স্পষ্ট বুঝতে পারা যায় যে অহেতুক বাজে বকা হচ্ছে। এরকম সময়ে এক উপায় হচ্ছে— যা হচ্ছে হোক। একজন গলার আওয়াজ চড়ালে আমি আরও বেশি গলার আওয়াজ চড়াব। একজন "আমি জানি, আমি এইটা করেছি, আমি এইটা করতে পারি" বললে তাকে টেক্কা দেওয়ার জন্য "আমি আরও জানি" দাবী করবো। মানে পুরোপুরি সেই সময়ের আবেগ এবং অহংপ্রদর্শনের লড়াইতে নেমে পড়া। আরেকটা উপায় হলেও হতে পারে। অযথা চিৎকার প্রতিযোগিতায় না নেমে জপে মনোনিবেশ করা এবং ন্যূনতম উত্তর দেওয়া। এইরকম অভ্যাস করলে এইক্ষেত্রে বড়জোর যা হবে অন্যজনের মনে হতে পারে আপনি হয়তো তাঁর কথা মন দিয়ে শুনছেন না। বিশেষত যখন দেখা যাবে একজন আত্মনিয়ন্ত্রণ হারিয়ে আপনার ওপর রাগারাগি, গালাগালি করছেন, আর তার উত্তরে আপনি রেগে যাচ্ছেন না — শান্তভাবে উত্তর দিচ্ছেন — স্বাভাবিকভাবেই একটা আচরণের পার্থক্য দেখা যাবে। 

অনেকে মনের বিশেষ বৃত্তির সাথে লড়াই করতে জপ করেন। যেমন, মনের মাঝে পরকীয়া যৌনচিন্তা এলেই, সেটা থামাতে অনেকে জপ বা প্রার্থনা করেন। একই ভাবে অন্যের ক্ষতি করার চিন্তা, বা কোনও ব্যক্তির সর্বনাশ হলে আমার কত আনন্দ হবে — এইরকম নেগেটিভ চিন্তা মনে এলে জপ বা প্রার্থনা করা যেতে পারে।

চৈতন্য মহাপ্রভু। হরেকৃষ্ণ মহামন্ত্র প্রদান করেছিলেন।
চিত্রসূত্র: উইকিমিডিয়া কমন্স

নিয়মানুবর্তিতা

জপের ক্ষেত্রে (আসলে সব কাজেই) নিয়মানুবর্তিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হঠাৎ করে জপ শুরু করলাম, প্রথম দিন ১০,০০০ বার, দ্বিতীয় দিন ৬,০০০ বার জপ করলাম, তৃতীয় বা চতুর্থ দিন থেকে আর করলামই না — এইরকম করলে অগ্রগতি বোধ হয় ধীরে হবে।

নিয়মানুবর্তিতা প্রয়োজনীয়। এর মানে এই নয় প্রতিদিন বা দিনে দুইবেলাই জপ করতে হবে। তবে, নিজের মতো করে একটা নিয়মানুবর্তিতা অবশ্যই প্রয়োজন।

কষ্ট করে দাঁত–মুখ খিঁচিয়ে জপ

আনন্দমার্গের প্রতিষ্ঠাতা প্রভাতরঞ্জন সরকার লক্ষ্য করেছিলেন যে জপ করার সময় অনেকে দাঁত মুখ খিঁচিয়ে জোর করে করেন — যেন খুব কষ্ট হচ্ছে। প্রভাতরঞ্জন সরকার যতটা সম্ভব স্বাভাবিকভাবে ধীরে ধীরে জপ করতে পরামর্শ দিয়েছেন।

এই পর্যবেক্ষণ এবং পরামর্শ যথেষ্ট যুক্তিযুক্ত। আমরা জপ ধ্যানের সময় এই অসুবিধা হয়তো অনুভব করেছি। সারা বিশ্বে "মাইন্ডফুলনেস" এখন প্রচুর চর্চা হচ্ছে। আমরা যদি "মাইন্ডফুলনেস" অনুশীলন শুরু করি সবথেকে আগে হয়তো খেয়াল করবো আমাদের মন আগের থেকে বেশি অস্থির হয়ে যাচ্ছে। ধ্যান যখন শুরু করবো, হয়তো নজরে পড়বে যে আগে হয়তো ২০–৩০ মিনিট এমনিই বসতে পারতাম, ধ্যান শুরু করার পর যেন ৫ মিনিটও এক জায়গায় চুপ করে বসতে পারছি না। স্বামী বিবেকানন্দ "রাজযোগ" এবং "পাতঞ্জল যোগসূত্র" বর্ণনা করার সময় বলেছেন যে মনকে শান্ত করার প্রাথমিক অবস্থায় মনে অনেক চিন্তা ভাবনা বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়ায়।

শান্তভাবে নিয়মিত অভ্যাস এইক্ষেত্রে উপকারী। খুব কষ্ট করে দাঁত মুখ খিঁচিয়ে জপ না করাই ভালো। একদিনেই এক লাখ বার জপ করতেই হবে এমন দিব্যি কেউ দেয়নি। আস্তে আস্তে স্বতঃস্ফূর্ত এবং আন্তরিকভাবে জপ করুন। 

প্রথম অধ্যায় এইখানেই শেষ করলাম। পরবর্তী অধ্যায়গুলিতে জপ সংক্রান্ত অন্যান্য বিষয় তুলে ধরার চেষ্টা করবো।

Japa (জপ)


This page was last updated on: 20 August 2025
Number of revisions on this page: 2
Internet Archive Backup: See here